নতুন প্রত্যয়ে পালিত হচ্ছে অমর একুশে || জাতি স্মরণ করছে বীর সন্তানদের

প্রকাশিত February 21, 2026
নতুন প্রত্যয়ে পালিত হচ্ছে অমর একুশে || জাতি স্মরণ করছে বীর সন্তানদের

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে নতুন প্রত্যয়ে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে।
বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের ফলশ্রুতিতে নতুন প্রেক্ষাপটে গণঅভ্যুত্থান পরবর্তী ভয়-সংশয়হীন পরিবেশে সর্বস্তরের মানুষ প্রিয় মাতৃভাষার মর্যাদা রক্ষায় আত্মদানকারী বীর বাঙালি সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করছে।
অমর একুশের প্রথম প্রহর থেকে দেশের প্রতিটি শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শুরু হয়, যা দিনভর অব্যাহত থাকবে। এছাড়াও নানা কর্মসূচি পালিত হচ্ছে।
ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বপ্রথম শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো সাহাবুদ্দিন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান। পরবর্তী সময়ে শ্রদ্ধা জানান মন্ত্রী পরিষদ সদস্যবৃন্দ, বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামীর আমীর ডা শফিকুর রহমান, অন্যান্য রাজনৈতিক দলের নেতা এবং ডাকসু নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রীর পরিবারও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।
সিলেটে অমর একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে। এ খবর লেখা পর্যন্ত শ্রদ্ধা নিবেদন চলছিল।
বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবদেন করেন।