বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আনন্দ মিছিল করেছে।
মঙ্গলবার দিনগত রাত ১২টায় বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র প্রাঙ্গণ থেকে সিকৃবি ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক ও সাধারণ সম্পাদক মো এমাদুল হোসেনের নেতৃত্বে মিছিলটি বের হয়ে প্রধান ফটক প্রদক্ষিণ করে ছাত্র-শিক্ষক কেন্দ্র প্রাঙ্গণে এসে শেষ হয়।
এ সময় সমবেত ছাত্রলীগ নেতা-কর্মীদের উদ্দেশ্যে আশিকুর রহমান আশিক বলেন, ‘সাদ্দাম-ইনান পরিষদের নেতৃত্বে ছাত্রলীগ মাদক ও সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস উপহার দিতে চায়। জাতীয় নির্বাচনকে সামনে রেখে সবাইকে মাঠে সোচ্চার থাকতে হবে।’
সাধারণ সম্পাদক মো এমাদুল হোসেন বলেন, দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ছাত্র সংগঠন ছাত্রলীগের নতুন নেতৃত্ব পেয়ে সবাই আনন্দিত। এই ক্যাম্পাসকে মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত করতে যা যা করা দরকার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ তাই করবে।’
উল্লেখ্য, বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনের দুই সপ্তাহ পর মঙ্গলবার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি হিসেবে সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক হিসেবে শেখ ওয়ালী আসিফ ইনানের নাম ঘোষণা করেন। সংবাদদাতা