নিজস্ব প্রতিবেদক : সিলেট সদর উপজেলার ধোপাগুল ও লালবাগ এলাকায় ৫টি পুকুর থেকে দেড়লাখ ঘনফুট সাদা পাথর উদ্ধার করা হয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে দেওয়া তথ্য বিবরণীতে জানানো হয়েছে, ভোলাগঞ্জের কোয়ারি থেকে লুঠ করে নেওয়া সাদা পাথর উদ্ধারে চলমান অভিযানকালে স্থানীয়ভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৮ আগস্ট/১৩ ভাদ্র) ধোপাগুল ও লালবাগ এলাকায় অবৈধভাবে সাদা পাথর মজুদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার মামুনুর রশীদ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান হৃদয়।
দুপুর ১২টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিচালিত অভিযানে জব্দকৃত প্রায় ১ দশমিক ৫ লাখ ঘনফুট সাদা পাথর স্থানীয় এক ওয়ার্ড মেম্বারের জিম্মায় রাখা হয়েছে।
তবে অভিযানকালে কোনো ভূমি মালিক বা সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। অবৈধভাবে পাথর মজুদের সঙ্গে জড়িত ক্রাশার মিল মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।