দোয়ারাবাজার ও বানিয়াচংয়ে ২ হত্যা মামলার প্রধান আসামিদের গ্রেফতার করেছে র‌্যাব

প্রকাশিত July 3, 2026
দোয়ারাবাজার ও বানিয়াচংয়ে ২ হত্যা মামলার প্রধান আসামিদের গ্রেফতার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সোনা মিয়া হত্যা মামলা ও হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মাহফুজ মিয়া হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে।
জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে দোয়ারাবাজার উপজেলার বাজিতপুর গ্রামের সোনা মিয়া (৮০) গত ২৯ মার্চ প্রতিপক্ষের হামলায় খুন হন।
এ ঘটনায় তার ছেলে দোয়ারাবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করলে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (২ জুলাই) আনুমানিক দুপুর সোয়া ২টায় সুনামগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় ১ নম্বর পলাতক আসামি হোসেন মিয়াকে (২৮, পিতা আরিফ উল্লাহ, বাজিতপুর, দোয়ারাবাজার, সুনামগঞ্জ) গ্রেফতার করে।
উল্লেখ্য গ্রেফতারকৃত ব্যক্তি দোয়ারাবাজার থানার আরেকটি হত্যা মামলারও এজাহারনামীয় আসামি।
র‌্যাব-৯ আরও জানায়, বানিয়াচং উপজেলার পৈলারকান্দি এলাকার মো মাহফুজ মিয়া (৪৫) বিভিন্ন বিষয় নিয়ে বিরোধের জেরে গত বছর ২২ নভেম্বর ব্যক্তিগত কাজ শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় খুন হন।
এ ব্যাপারে তার ভাই বাদি হয়ে বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ ও সিপিএসসি, সিলেটের একটি যৌথ আভিযানিক দল বৃহস্পতিবার (২ জুলাই) আনুমানিক রাত সোয়া ১০টায় সিলেটের মোগলাবাজার ত্রিমুখী পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় ১ নম্বর পলাতক আসামি এহিয়া তালুকদারকে (৩৬, পিতা সিরাজুল ইসলাম, পৈলারকান্দি, বানিয়াচং, হবিগঞ্জ) গ্রেফতার করতে সক্ষম হয়।
উল্লেখ্য, গত বছর ২২ ডিসেম্বর একই মামলার এজাহারনামীয় অন্য এক আসামিকে র‌্যাব-৯ গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামি দুজনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।