নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় গণধর্ষণ মামলায় অভিযুক্ত একজনকে গ্রেফতার করেছে।
র্যাব-৯ জানায়, সুনামগঞ্জ সদর উপজেলার জানিগাঁওয়ে স্বামীর সাথে মনোমালিন্যের কারণে বাবার বাড়িতে বসবাসকারী এক নারীকে গত ১৮ মার্চ রাতে একদল দুর্বৃত্ত পার্শ্ববর্তী দোয়ারাবাজার উপজেলা এলাকায় নিয়ে গণধর্ষণ করে।
এ ঘটনায় নির্যাতিত নারী বাদি হয়ে দোয়ারাবাজার থানায় একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল গত মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যা পৌণে ৬টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার ওয়েজখালী নৌকাঘাট এলাকায় অভিযান পরিচালনা করে মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি আলমগীরকে (৩৫, পিতা আব্দুল খালিক, জালালপুর, দোয়ারাবাজার, সুনামগঞ্জ) গ্রেফতার করে।
উল্লেখ্য, গত ২৭ মার্চ মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি অমল দাসকে র্যাব-৯ গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।