একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, গোটা বাংলাদেশ একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। নির্বাচনী উৎসবে মেতে ওঠতে সবাই প্রস্তুত। ঠিক এই সময়ে পতিত স্বৈরাচারের সঙ্গে আঁতাত করে কতিপয় গোষ্ঠী জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা দেশকে অস্থিতিশীল করে তুলতে চায়। তাদের লক্ষ্য স্বৈরাচারকে ফিরিয়ে এই দেশকে আবারও ধ্বংসের মুখে ঠেলে দেওয়া; কিন্তু দেশপ্রেমিক জনতা সেই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না। বাংলার মাটিতে আগামী ফেব্রুয়ারির শুরুর দিকে জাতীয় নির্বাচন হবেই ইনশাআল্লাহ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর/১৪ কার্তিক) বিকালে বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের খাড়াবড়া বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুবাগ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে ফয়সল চৌধুরী আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে নানা ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। দেশের সবচেয়ে বড় দল বিএনপি; কিন্তু বিস্ময়করভাবে বিএনপির সুপারিশ, মতামত ও নোট অব ডিসেন্টকে পাশ কাটিয়ে গেছে ঐকমত্য কমিশন। বিএনপির মতামত ও প্রস্তাবকে উপেক্ষা করেছে তারা। এই কমিশন ঐকমত্যের বদলে ‘অনৈক্য কমিশন’ হয়ে গেছে। ২৫টি রাজনৈতিক দল যে জুলাই সনদে স্বাক্ষর করলো, সেই সনদের সঙ্গে কমিশনের সুপারিশের মিল নেই। এটা হতে পারে না। এগুলো দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। বিএনপির প্রত্যেক সারির নেতা-কর্মীদের সকল ষড়যন্ত্রের বিষয়ে সজাগ ও সচেতন এবং ঐক্যবদ্ধ থাকতে হবে।
ইউনিয়ন বিএনপির ত্রাণ ও পুর্নবাসন সম্পাদক নিয়াজ উদ্দিনের সভাপতিত্বে এবং সিলেট জেলা যুবদলের সদস্য এ বি কালাম ও উপজেলা ছাত্রদলের সদস্য শহিদুল ইসলাম রাজেলের যৌথ পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, জেলা বিএনপি উপদেষ্টা এম এ মান্নান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান ও যুগ্মসম্পাদক মিছবাহ উদ্দিন। এছাড়া স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।–সংবাদ বিজ্ঞপ্তি