সিলেটের বিভাগীয় কমিশনার খান মো রেজা-উন-নবী বলেছেন, দেশকে দুর্নীতিমুক্ত করতে সরকারি সেবা সহজ করতে হবে। সেবার সকল তথ্য ওয়েবসাইটে ও সিটিজেন চার্টারে উম্মুক্ত রাখতে হবে। দুর্নীতি রুখতে আগে নিজেকে পরিবর্তন করতে হবে এবং নিজের প্রতিষ্ঠানকে পরিবর্তন করতে হবে।
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা’প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর/২৪ অগ্রহায়ণ) সিলেট জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন-দুদক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিভাগীয় কমিশনার বলেন, ”দুর্নীতি একটি দেশকে সামগ্রিকভাবে ক্ষতবিক্ষত করে দেয়। আমাদের অনগ্রসরতার অন্যতম কারণ দুর্নীতি। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত দুর্নীতির বিস্তার ঘটেছে। সমাজের প্রতিটি ক্ষেত্রে যদি এরকম দুর্নীতি থাকে তাহলে রাষ্ট্র কখনো এগিয়ে যেতে পারবেনা।”
আগামী প্রজন্মের জন্য দুর্নীতিমুক্ত দেশ গড়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, পরিবার থেকেই শিশুদের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা জাগ্রত করতে হবে। স্কুল-কলেজে দুর্নীতিবিরোধী বিতর্ক, আলোচনা সভা ও সমাবেশ আয়োজনের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে ঘৃণা তৈরি করতে হবে।
সিলেটের জেলা প্রশাসক মো সারওয়ার আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি নাছির উদ্দীন আহমেদ, পুলিশ সুপার কাজী আখতার উল আলম, দুদক বিভাগীয় কার্যালয়ের পরিচালক রেভা হালদার ও সচেতন নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট সৈয়দা শিরীন আক্তার।-পিআইডি সিলেট