দুর্নীতি দমন কমিশন-দুদক চেয়ারম্যান ড মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, দুর্নীতিকে রুখে দিয়ে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে।
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা-গড়বে আগামীর শুদ্ধতা’ স্লোগানে জনসচেতনতা বৃদ্ধি, সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর ও সংস্থাসমূহে সেবার মান বৃদ্ধি, সেবাগ্রহীতাদের হয়রানি রোধ এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে রবিবার (২৩ নভেম্বর/৮ অগ্রহায়ণ) সিলেটে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে মহানগরীর রিকাবিবাজারে কবি নজরুল অডিটোরিয়ামে আয়োজিত ১৯১তম গণশুনানিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
দুদক চেয়ারম্যান বলেন, এ আয়োজন কারোর বিরুদ্ধে নয়। গণশুনানির উদ্দেশ্য হচ্ছে, সরকারি সেবাদাতা ও সেবাগ্রহীতার মধ্যে যোগসূত্র তৈরি করা।
সেবা প্রদানকারী দপ্তরগুলো সেবাগ্রহীতাদের যথাযথভাবে সরকারি সেবা পৌঁছে দিবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নতুন বাংলাদেশে জনগণের প্রত্যাশা সম্পর্কে তিনি বলেন, ৫ আগস্টের পর সবাই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। নতুন বাংলাদেশ নিয়ে মানুষের প্রত্যাশা ও জনআকাঙ্ক্ষা পূরণ করতে না পারলে তা হবে চরম ব্যর্থতা ও জাতির সাথে প্রতারণা। তাই দুর্নীতিকে রুখে দিয়ে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে।
গণশুনানিতে ৪০টি সরকারি দপ্তরের বিরুদ্ধে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবাবঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের উপস্থিতিতে তাদের অভিযোগ কমিশনের সামনে তুলে ধরেন। জনসাধারণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক কর্তৃক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
গণশুনানিতে বিশেষ অতিথি ছিলেন দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, সচিব মোহাম্মদ খালেদ রহীম, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো রেজা-উন-নবী, সিলেটের ডিআইজি মো মুশফেকুর রহমান, দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো আক্তার হোসেন, সিলেটের অতিরিক্ত পুলিশ কমিশনার মু মাসুদ রানা ও পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান। সঞ্চালকের দায়িত্ব পালন ও সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মো সারওয়ার আলম।–পিআইডি সিলেট