দিরাই-শাল্লাকে আধুনিক ও বৈষম্যহীন জনপদ করতে চান শিশির মনির

প্রকাশিত January 25, 2026
দিরাই-শাল্লাকে আধুনিক ও বৈষম্যহীন জনপদ করতে চান শিশির মনির

শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির
দিরাই ও শাল্লা উপজেলাকে একটি আধুনিক, সমৃদ্ধ ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তুলতে চান।
রবিবার (২৫ জানুয়ারি/১১ মাঘ) বিকেলে শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নের আঙ্গারুয়া গ্রাম সংলগ্ন মহাদেব মন্দির প্রাঙ্গণে আয়োজিত পথসভা ও গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন অঙ্গীকার করেন।
আঙ্গারুয়া গ্রামের মুরব্বি যোগেশ চন্দ্র দাসের সভাপতিত্বে ও আনন্দপুর গ্রামের রাখাল চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অ্যাডভোকেট শিশির মনির বলেন, “আমার প্রধান লক্ষ্য দিরাই-শাল্লার মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলার অবসান ঘটানো। আমি নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে এ অঞ্চলের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও বেকার যুবকদের জন্য স্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করবো। আমরা এমন এক জনপদ গড়তে চাই যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে কারো প্রতি কোনো বৈষম্য থাকবে না।”
তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের এই লড়াইয়ে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে হবে।
এ সময় তিনি এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন কামনা করেন।
পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাহাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিধান চৌধুরী, হবিবপুর ইউনিয়ন পরিষদ মেম্বার বাবলু রায়, আনন্দপুর গ্রামের আব্দুল খালেক, এনসিপি নেতা আব্দুল খালেক ও রাকিবুল হাসান প্রমুখ।
পথসভা শেষে অ্যাডভোকেট শিশির মনির বাহাড়া গ্রামের সোমেশ্বরী মন্দির প্রাঙ্গণে ও ঘুঙ্গিয়ারগাঁও গ্রামে হরিনাম সংকীর্তন মহোৎসব পরিদর্শন ও শুভেচ্ছা বিনিমিয় করেন।