দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের উদ্যোগে দেশের ক্রমবর্ধমান অসহিষ্ণুতা, সহিংসতা ও উগ্রবাদীতা অতিক্রম করে একটি উদার, সহিষ্ণু, বহুত্ববাদী, নিরাপদ, মর্যাদাপূর্ণ, মুক্ত ও মানবিক সমাজ গড়ে তোলার লক্ষ্যে সুনামগঞ্জের দিরাই উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতাদের নিয়ে নির্বাচনী সহিংসতার বিরুদ্ধে জনগণকে উদ্বুদ্ধ করতে ‘পিস প্রেসার গ্রুপ’ তৈরি ও ‘শান্তিদূত’ নির্বাচন করা হয়েছে।
এ উপলক্ষে ইউকে-এইড ও ইউএস-এইডের সহযোগিতায় এবং দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও এশিয়া ফাউন্ডেশনের অংশীদারিত্বে বাস্তবায়িত ‘স্ট্রেংদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বৃহস্পতিবার দুপরে একটি সভার আয়োজন করা হয়।
এতে আওয়ামী লীগ, বিএনপি, জাসদ (ইনু), সমাজসেবক, সাংবাদিক, সুশাসনের জন্য নাগরিকের সদস্যগণ ও নির্বাচিত জনপ্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।
দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের এসপিএল প্রকল্পের আঞ্চলিক সমন্বয়কারী মো মাহবুব হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, গ্রামীণ জনকল্যাণ সংসদের নির্বাহী পরিচালক জামিল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি অ্যাডভোকেট সুহেল আহমদ, সহ সভাপতি সিরাজ-উ-দ্দৌলা, দফতর সম্পাদক বিকাশ রায়, যুবলীগ কর্মী সেলিম মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক বিনা জয়নাল, দিরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া ও মহিলা ভাইস চেয়াম্যান ছবি চৌধুরী, রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৌম্য চৌধুরী, সুজনের উপজেলা সহ সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর ও নির্বাহী সদস্য জলি রানী দাস, যুবদলের সাধারণ সম্পাদক জুনায়েদ মিয়া, তাড়ল ইউনিয়ন বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না দাস প্রমুখ।
অংশগ্রহণকারীগণ দিরাইতে বাংলাদেশের মধ্যে একটি উদার, সহিষ্ণু, বহুত্ববাদী, নিরাপদ, মর্যাদাপূর্ণ, মুক্ত, রাজনৈতিক ও নির্বাচনী সহিংসতাবিহীন একটি মানবিক সমাজ গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন দলের তিনজন নেতাকে ‘শান্তিদূত’ নির্বাচিত করেন।