দিরাইয়ে মতবিনিময় বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাবেদের

প্রকাশিত October 26, 2025
দিরাইয়ে মতবিনিময় বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাবেদের

দিরাই প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই শাল্লা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য বিএনপির যুগ্মআহবায়ক আজমল হোসেন চৌধুরী জাবেদ দিরাইয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করছেন।
রবিবার (২৬ অক্টোবর/১০ কার্তিক) দুপুরে আজমল কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় আজমল হোসেন চৌধুরী জাবেদ জানান, তিনি ছাত্রজীবন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতেগড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দিয়ে রাজনীতি শুরু করেন। অনেক চড়াই উৎরাই পেরিয়ে এখন যুক্তরাজ্য বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক হিসেবে কাজ করে যাচ্ছেন দলের জন্য। তবে বছরের অধিকাংশ সময় দেশে থেকে সাধারণ মানুষের জন্য কিছু করার চেষ্টা করে থাকেন। বিগত বন্যা ও মহামারী করোনাকালে নিজ অবস্থান থেকে দিরাই-শাল্লাবাসীর পাশে থাকার চেষ্টা করেন। যতদিন বেঁচে থাকবেন ততদিন জনগণের সেবা করার চেষ্টা করে যাবেন।
তিনি দুঃখ করে বলেন, স্বাধীনতার ৫৪ বছরও দিরাই-শাল্লা শিক্ষা ও যোগাযোগ সহ সবদিক থেকে উন্নয়ন বঞ্চিত হয়েছে।
আজমল হোসেন চৌধুরী জাবেদ আশা প্রকাশ করেন, তার এতদিনের কাজের মূল্যায়ন করে দল তাকে মনোনয়ন দিবে।
ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে বিজয় ছিনিয়ে আনতে তিনি দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।