দিরাইয়ে প্রথম উদযাপিত হলো গীতিকবি মুকুল ঠাকুর ধামাইল উৎসব

প্রকাশিত December 12, 2025
দিরাইয়ে প্রথম উদযাপিত হলো গীতিকবি মুকুল ঠাকুর ধামাইল উৎসব

দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের খাগাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী প্রথম ‘মুকুল ঠাকুর ধামাইল উৎসব’ উদযাপিত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর/২৭ অগ্রহায়ণ) উপজেলার খাগাউড়া গ্রামবাসী এবং বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটি ও দিরাই উপজেলা শাখার এ যৌথ আয়োজন এলাকাকে মুখরিত করে তুলে।
উৎসবে প্রধান অতিথি ছিলেন রফিনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শৈলেন্দ্র কুমার তালুকদার। সংবর্ধিত অতিথি ছিলেন গীতিকবি মুকুল ঠাকুর। বিশেষ ছিলেন বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত কার্যকরী সভাপতি দ্রুপদ চৌধুরী নূপুর, সাধারণ সম্পাদক চিনু চক্রবর্তী, সহসভাপতি মোশাররফ হোসেন মুছা, কোষাধ্যক্ষ সুপ্রভা রানী কর, সাংস্কৃতিক সম্পাদক নিপা সূত্রধর, দপ্তর সম্পাদক নিপ্রেশ তালুকদার রানু, নির্বাহী সদস্য বাউল শিমুল পাল ও দিরাই উপজেলা শাখার সভাপতি বাউল অসীম রায় চৌধুরী। উৎসবের সমন্বয়ক ছিলেন দেবদাস চৌধুরী (আমেরিকা প্রবাসী) ও সঞ্জয় কুমার রায় শিপলু (ইতালি প্রবাসী)। সভাপতিত্ব করেন খাগাউড়া সংগীতালয়ের উপেদেষ্টা রিবেন তালুকদার। সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ দিরাই উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাহুল তালুকদার।
দিনব্যাপী উৎসবে মোট ১৪টি ধামাইল দল পরিবেশনায় অংশ নেয়। দলগুলো হলো শিমুল পাল ধামাইল সংঘ, লোকসংগীত ধামাইল দল, অগ্নিবীণা ধামাইল দল, গানের পাখি ধামাইল দল ও সৃজন রায় ধামাইল দল (দিরাই), আন্তর্জাতিক রাধারমণ ধামাইল সংসদ ও কনকচাঁপা ধামাইল দল (শান্তিগঞ্জ), এস পি জলপদ্ম ধামাইল সংঘ ও কৃষ্ণকলি ধামাইল দল (ছাতক), পিয়াইন ধামাইল দল ও নতুন কুঁড়ি ধামাইল দল (খাগাউড়া), সোমেশ্বরী ধামাইল দল ও গানের ছোঁয়া ধামাইল দল (শাল্লা) এবং পার্শি ধামাইল দল (শ্রীনারায়ণপুর)।