দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলা সদর বাজার সংলগ্ন নৌকাঘাটে চামটি নদীতে পড়ে নিখোঁজ দেড় বছরের শিশুকন্যার সন্ধান বিকেল সাড়ে ৫টা পর্যন্ত মিলেনি।
শনিবার (১১ অক্টোবর/২৬ আশ্বিন) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ইতোমধ্যে ৮ ঘণ্টা পার হয়ে গেছে।
নৌকাঘাট সংশ্লিষ্ট বিভিন্ন জনের নিকট থেকে জানা গেছে, শাল্লা উপজেলার শাল্লা ইউনিয়নের সিমেরকান্দা গ্রামের রহিবুল ইসলামের স্ত্রী মাসেদা বেগম শিশু সন্তানকে নিয়ে সিলেট থেকে দিরাই পৌঁছে শাল্লাগামী নৌকায় উঠেন।
নৌকায় উঠার পর নৌকার জানালা ঘেঁষে বসা সন্তানকে মা পাউরুটি খাওয়াচ্ছিলেন। একপর্যায়ে তিনি পানি আনতে সরে যাওয়া মাত্র শিশুটি পানিতে পড়ে নিখোঁজ হয়ে যায়।
খবর পেয়ে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জিব সরকার ঘটনাস্থলে ছুটে যান। তিনি জানান, নিখোঁজ শিশুটির উদ্ধারে ডুবুরি দল কাজ করছে।
দিরাই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।
ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, বর্ষায় টইটুম্বুর চামটি নদীতে তীব্র স্রোত থাকায় শিশুটির অবস্থান নির্ণয় করা কঠিন হয়ে পড়েছে।