দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরে ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা প্রশাসন অভিযান চালিয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর/২৮ অগ্রহায়ণ) সকাল ১১টার দিকে দিরাই বাজার সেতু থেকে এ অভিযান শুরু করে থানা পয়েন্ট পর্যন্ত চালানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীব সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধ দোকানপাট ও অন্যান্য ধরনের অস্থায়ী স্থাপনা অপসারণ করা হয়।
অভিযানে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী, দিরাই পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা এবং দিরাই থানা পুলিশের একটি দল সহায়তা প্রদান করে।
এর আগে নোটিশ প্রদান ছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিংয়ের মাধ্যমে ৫ ডিসেম্বরের মধ্যে স্বেচ্ছায় অবৈধ সকল স্থাপনা সরিয়ে নেওয়ার ও ফুটপাত দখলমুক্ত করার জন্য সংশ্লিষ্টদের সময় বেঁধে দেওয়া হয়; কিন্তু তাতে ফল না হওয়ায় উচ্ছেদ অভিযান চালানো হলো।
এ বিষয়ে ইউএনও জানান, ফুটপাত জনসাধারণের চলাচলের জন্য; কিন্তু অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার কারণে সাধারণ মানুষ-বিশেষ করে নারী, শিশু ও বয়স্করা চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন।
তিনি আরো জানান, জনদুর্ভোগ লাঘব ও শহরের শৃঙ্খলা রক্ষায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রশাসনের এ উদ্যোগে জনমনে স্বস্তি ফিরবে বলে সাধারণ মানুষ আশা প্রকাশ করেছেন।