দিরাইয়ে মেম্বারের উপর হামলাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

প্রকাশিত March 13, 2024
দিরাইয়ে মেম্বারের উপর হামলাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : জমিতে হালিচারা কাটার প্রতিবাদ করায় সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মেম্বার বাবুল চন্দ্র দাসের উপর হামলার প্রতিবাদে ও এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
বুধবার, ১৩ মার্চ (২৯ ফাল্গুন) দুপুর ১২টায় ওয়ার্ডবাসীর উদ্যোগে দিরাই উপজেলা সদরের থানা পয়েন্ট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন, সুষেন চন্দ্র দাস, কালীপদ মজুমদার, বাবুল চৌধুরী, মিন্টু দাস, কানাই লাল দাস, সাবেক ইউপি মেম্বার কবিন্দ্র চন্দ্র দাস, আব্দুল্লাহ মিয়া, যীশু চন্দ্র দাস, ঝুনু তালুকদার, প্রদীপ পুরকায়স্থ, ল্টিন চন্দ্র দাস ও কবিন্দ্র চৌধুরী।
বক্তারা অভিযোগ করেন, গত ২৩ ফেব্রুয়ারি ভাঙ্গাডহর গ্রামের বাবুল চন্দ্র দাসের হালিচারা কেটে নেয় একই গ্রামের মৃত নন্দা উল্ল্যাহর ছেলে রইছ আলী ও তার লোকজন। এর প্রতিবাদ করায় ইউপি মেম্বার বাবুল চন্দ্র দাসের উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করা হয়। তিনি সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় বাবুল চন্দ্র দাস বাদি হয়ে মামলা দায়ের করলেও কেউ গ্রেফতার হয়নি।