দক্ষিণ সুরমা প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায় বলেছেন, যুবসমাজের সামাজিক অবক্ষয় রোধে শুধু প্রশাসন নয়-সচেতন সকল মহলকেও ভূমিকা রাখতে হবে।
সকল প্রকার সামাজিক অপরাধ থেকে নিজ নিজ সন্তানদের মুক্ত রাখতে তিনি প্রত্যেক অভিভাবককে আরও সচেতন ও সতর্ক হওয়ার আহবানও জানিয়েছেন।
ইউএনও বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ব্যক্তি মালিকানাধীন টিলাসহ সকল প্রকার টিলাকাটা বন্ধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি ও সচেতন সমাজকে এগিয়ে আসতে হবে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন।
সভায় অন্যদের মধ্যে অংশ নেন মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো মামুন খান, মোগলাবাজার থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান, দক্ষিণ সুরমা থানার ওসি মো মিজানুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর প্রমুখ।