দক্ষিণ সুরমায় নীতিমালা বহির্ভূত মাধ্যমিক বিদ্যালয় বন্ধের দাবি

প্রকাশিত March 19, 2023
দক্ষিণ সুরমায় নীতিমালা বহির্ভূত মাধ্যমিক বিদ্যালয় বন্ধের দাবি

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর নীতিমালা বহির্ভূতভাবে স্থাপিত মাধ্যমিক বিদ্যালয় বন্ধ করতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে স্মারকলিপি দেওয়া হয়েছে।
এলাকাবাসীর পক্ষে স্মারকলিপিটি দিয়েছেন এলাকার খান সাহেব বাড়ির মোহাম্মদ শামসুর রহমান। এতে তিনি উল্লেখ করেছেন, মোগলাবাজার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে রেবতী রমন সরকারি উচ্চবিদ্যালয়, রেবতী রমন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নৈমিয়া দাখিল মাদরাসা সহ আরও দুইটি মাদরাসা এবং অতি নিকটবর্তী ৫ নম্বর ওয়ার্ডে সৈয়দা হাসিনা খাতুন মাধ্যমিক বিদ্যালয় সহ ৫টি মাধ্যমিক বিদ্যালয় বিদ্যমান। এরপরও ব্যবসায়িক উদ্দেশ্যে ২০২১-২০২২ খ্রিস্টাব্দে শিক্ষাবর্ষে নিয়ম-নীতিমালা বহির্ভূতভাবে ৪ নম্বর ওয়ার্ডে মোগলাবাজার প্রি-ক্যাডেট একাডেমি ও শাহজালাল আইডিয়াল একাডেমি হঠাৎ কার্যক্রম শুরু করেছে।
ফলে এই দুটি বিদ্যালয়ের এক বর্গকিলোমিটারের মধ্যে অবস্থিত রেবতী রমন সরকারি উচ্চবিদ্যালয়, একতা একাডেমি, রাজা চৌধুরী উচ্চবিদ্যালয়, সৈয়দা হাসিনা খাতুন উচ্চবিদ্যালয়, রেঙ্গা হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়, নৈমিয়া দাখিল মাদরাসা, হরগৌরি মাদরাসা ও আয়শা সিদ্দিকা হাফিজিয়া মহিলা টাইটেল মাদরাসা পরিচালনায় বিভিন্ন ধরনের প্রতিকূলতা ও প্রতিবন্ধকার সৃষ্টি হয়েছে।
শামসুর রহমান উপজেলা প্রশাসনের কাছে জনস্বার্থে বর্ণিত বিদ্যালয় দুটি বন্ধ করার দাবি জানিয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের (মাধ্যমিক শাখা) সচিব ও সিলেটের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপির অনুলিপি প্রেরণ করা হয়েছে।
দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত লায়লা নীরা জানান, আবেদন পেয়েছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদ বিজ্ঞপ্তি