দক্ষিণ সুরমায় বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ী সস্ত্রীক গ্রেফতার

প্রকাশিত September 18, 2025
দক্ষিণ সুরমায় বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ী সস্ত্রীক গ্রেফতার

দক্ষিণ সুরমা প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এলাকায় অভিযান চালিয়ে পুলিশ স্ত্রীসহ সমুজ আলী নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দিনগত মধ্যরাতে দক্ষিণ সুরমা থানা পুলিশ লালাবাজার ইউনিয়নের হিলু রাজীবাড়ি এলাকার সমুজ আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
এসময় তার বসতঘর থেকে বিদেশী বিভিন্ন ধরনের ৩৩৫ বোতল মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৮২ হাজার ৬০০ টাকা।
গ্রেপ্তারকৃতরা হলেন, হিলু রাজীবাড়ি এলাকার মৃত তবারক আলীর ছেলে সমুজ আলী (৫০) ও তার স্ত্রী হাসনা বেগম (৪০)।
তবে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা কয়েকজন পালিয়ে যায়।
পুলিশ জানায়, এ ঘটনার বিষয়ে দক্ষিণ সুরমা থানার মামলা {(নং-১৬, তারিখ : ১৮/০৯/২০২৫খ্রি, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণী ২৪ (খ)/৩৮/৪১} রুজু করা হয়েছে।
দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, সমুজ আলী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মাদকের আরও মামলা রয়েছে।