নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ঘোড়াডুম্বুরে গ্রামের সশস্ত্র সন্ত্রাসী ও খুনিদের গ্রেফতার ও বিচার দাবি জানানো হয়েছে।
রবিবার, ৩১ ডিসেম্বর (১৬ পৌষ) দুপুরে সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে আহুত সংবাদ সম্মেলনে গ্রামের কাজী আব্দুল ওয়াদুদ এ দাবি জানান।
তিনি অভিযোগ করেন, তাদের গ্রামের অস্ত্রবাজ, দাঙ্গাবাজ ও সন্ত্রাসী মৃত চমক আলীর ছেলে আদনান হোসেন ও আলী হোসেন, আব্দুল গফুরের ছেলে রিমন ও মৃত রজন আলীর ছেলে হারুন রশিদদের কারণে গ্রামের পরিবেশ বারবার অশান্ত হচ্ছে। সর্বশেষ গত ১৫ ডিসেম্বর কাজী আব্দুল ওয়াদুদদের বৈধ দখলে থাকা জমি জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্টা করলে তাদের আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আলী হোসেনের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা অবৈধ শটগান দিয়ে নিরীহ লোকজনের উপর নির্বিচারে গুলিবর্ষণ করে ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে অর্ধশতাধিক লোক আহত হন। এর মধ্যে গুলিবিদ্ধ জুনু মিয়া (২৮) গত ২০ ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। আহত আরও ১০/১২ জন হাসপাতালে প্রায় ১২ দিন চিকিৎসাধীন থাকার পর বাড়ি ফিরেছেন। তবে চোখে গুলিবিদ্ধ হয়ে একজন এখনও ঢাকা চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন। তার একটি চোখ নষ্ট হয়ে গেছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ ঘটনার পর মামলা হলেও পুলিশ সন্ত্রাসীদের গ্রেফতার বা কোনো অস্ত্র উদ্ধার করতে পারেনি। ফলে বাদিপক্ষ আতঙ্কে দিনযাপন করছে।
কাজী আব্দুল ওয়াদুদ জানান, উল্লেখিতরা নিজ গ্রামেই একাধিকবার অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে গোলাগুলির ঘটনা ঘটায়। এছাড়া ভাড়াটে বন্দুকধারী হিসেবে তারা অন্য গ্রামে গিয়ে হামলা চালায়। ২০০৮ সালে হারুন রশিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়। এ মামলায় তার ১০ বছরের কারাদণ্ডের আদেশ দেয় আদালত; কিন্ত তিনি জামিনে মুক্ত হয়ে আসেন।
এছাড়া ২০১২ সালে ঘোড়াডুম্বুর গ্রামে গোলাগুলির একটি ঘটনায় আলী হোসেনের বিরুদ্ধে মামলা চলমান আছে। ২০১৬ সালে হারুন রশিদের বিরুদ্ধে দায়ের হওয়া একটি হত্যা মামলা বিচারাধীন। ২০১৭ সালে গ্রামের একটি হত্যা মামলার ১ নম্বর আসামি আলী হোসেন। তারা মাদক ব্যবসা এবং ডাকাতির সঙ্গেও জড়িত।
তিনি জানান, তাদের সঙ্গে আলী হোসেনদের বিরোধ পুরনো। তারা কাজী আব্দুল ওয়াদুদদের মৌরশী সম্পত্তি দীর্ঘদিন জবরদখল করে রেখেছিলেন। পরে বিজ্ঞ আদালতের রায়ে তারা জমি ফিরে পান। এরপর থেকে আলী হোসেনরা অস্ত্রের জোরে এই সম্পত্তি দখল করতে চাইছেন।
সংবাদ সম্মেলনে আলী হোসেনদের গ্রেফতার ও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের দাবি জানানো হয়।