তারেক রহমান দেশে ফিরছেন কাল || বিমান যাবে সিলেট হয়ে ঢাকায়

প্রকাশিত December 24, 2025
তারেক রহমান দেশে ফিরছেন কাল || বিমান যাবে সিলেট হয়ে ঢাকায়

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন।
প্রায় দেড় যুগ পর তার স্বদেশ প্রত্যাবর্তনকে উপলক্ষ করে উৎফুল্ল দলের সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থকরা। অধীর আগ্রহে সবাই অপেক্ষা করছেন প্রিয় নেতাকে বরণ করতে-চোখ ভরে দেখতে-কাছে পেতে। তাকে বরণ করতে সারা দেশ থেকে হাজারে হাজারে নেতা-কর্মী ছুটছেন ঢাকায়। কাল রাজধানী উত্তাল জনসমুদ্রে পরিণত হবে।
তবে সিলেটবাসীর উচ্ছ্বাসের মাত্রা অন্যান্য জনপদের মানুষের চেয়ে বেশি। কারণ সিলেট হয়ে ফিরছেন বিএনপির এই শীর্ষ নেতা। তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতির মাধ্যমে এ পুণ্যভূমির মাটি স্পর্শ করে যাবে।
তবে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীসহ সংশ্লিষ্ট সকলকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে সমবেত হতে ও ভিড় না করতে নির্দেশ দেওয়া হয়েছে।
সিলেট জেলা ও মহানগরসহ সিলেট বিভাগের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীকে দলীয় নির্দেশনা মান্য করার জন্য বিশেষভাবে আহবান জানানো হয়েছে।