নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন সিলেট সফর উপলক্ষে দলের সার্বিক প্রস্তুতি ও কর্মসূচির ব্যাপক প্রচারণা কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে।
আগামীকাল ২২ জানুয়ারি তারেক রহমান সিলেট সফর করবেন। জিয়ারত করবেন হজরত শাহজালাল (র) ও হজরত শাহপরান (র) মাজার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির প্রথম নির্বাচনী জনসভায়। এ উপলক্ষে দলের জেলা ও মহানগর মহানগর শাখার পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় মহানগরীর প্লাটিনাম লাউঞ্জে আয়োজিত মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয়, জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, তারেক রহমান সিলেট থেকেই সারাদেশের নির্বাচনী প্রচারণা শুরু করবেন। তার আগমন থেকে প্রস্থান পর্যন্ত যেন জনসভাটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় সে লক্ষ্যে অতীতের মতো এবারও গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন।
সিলেট–১ আসনের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন,
তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্র বিনির্মাণের যে রূপরেখা প্রণয়ন করেছে, তিনি তা জনগণের সামনে তুলে ধরবেন।
সিলেট–২ আসনের প্রার্থী তাহসিনা রুশদীর লুনা বলেন, নারী সমাজসহ সর্বস্তরের মানুষ এখন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যাশায় ঐক্যবদ্ধ। গণমাধ্যমকর্মীরাও দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ সংগ্রহ ও পরিবেশন করবেন।
সিলেট–৪ আসনের প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেন,
তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কার ও উন্নয়ন ভাবনা দেশের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেন, “আমাদের কর্মসূচিগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, তারেক রহমানের আগমনকে ঘিরে সিলেট মহানগর বিএনপি সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।
সিলেট–৬ আসনের প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, দীর্ঘ ২২ বছর পর তারেক রহমান সিলেট আসছেন। সিলেটবাসী তাকে স্বাগত জানাতে অপেক্ষা করছেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সদস্য আবুল কাহের চৌধুরী শামিম ও মহানগর সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।