তারেক রহমানের শ্বশুরবাড়ি পরিদর্শন করলেন এম এ মালিক

প্রকাশিত January 20, 2026
তারেক রহমানের শ্বশুরবাড়ি পরিদর্শন করলেন এম এ মালিক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সিলেট-৩ আসনে দলীয় প্রার্থী এম এ মালিক দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাহীমপুর গ্রামে দলের চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুরবাড়ি পরিদর্শন করেছেন।
তারেক রহমানের সিলেট সফরকে সামনে রেখে মঙ্গলবার (২০ জানুয়ারি/৬ মাঘ) দুপুরে তিনি সেখানে যান।
এ সময় এম এ মালিক বলেন, “গর্বের বিষয় যে বিশ্বব্যাপী সুপরিচিত চিকিৎসক ডা জুবাইদা রহমান দীর্ঘ বছর পর তার পিতৃভিটায় আগমন করবেন। এতে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জসহ পুরো সিলেটবাসীর মধ্যে উৎসবের আবহ তৈরি হয়েছে।”
তিনি জানান, ডা জুবাইদা রহমান ও তারেক রহমানের আগমন উপলক্ষে এলাকায় দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ডা জুবাইদা রহমানের চাচাতো ভাই বাবর আলী, জাহাঙ্গীর ও নাসির উদ্দীনসহ দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিন ও সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তি