তারুণ্য কাজে লাগিয়েই আগামীর সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব : লুনা

প্রকাশিত October 6, 2025
তারুণ্য কাজে লাগিয়েই আগামীর সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব : লুনা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সিলেট-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বিএনপি পরিবর্তনের রাজনীতি করে।
তিনি আরও বলেছেন, এখন তরুণদের সময়। তাদের তারুণ্য কাজে লাগিয়েই আগামীর সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব। তাই আগামীর বাংলাদেশ গঠনে তরুণদের ঐক্যবদ্ধ ভূমিকা অপরিহার্য।
রবিবার (৫ অক্টোবর) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নে ‘আগামীর বাংলাদেশ বির্নিমাণে তরুণ প্রজন্মের ভূমিকা ও ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৈরাগী বাজারে একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভার আয়োজন করে ইউনিয়ন ছাত্রদল ও সেচ্ছাসেবক দল। এতে এলাকার কয়েক শতাধিক তরুণ-তরুণী অংশ নিয়ে নানা প্রশ্ন ও চিন্তার কথা তুলে ধরেন।
প্রশ্নের জবাবে ইলিয়াসপত্নী লুনা বলেন, তরুণরাই আন্দোলনের মাধ্যমে রক্ত দিয়ে দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে। তারেক রহমানের প্রণীত ৩১ দফা কর্মসূচি হলো সেই রূপরেখা, যেখানে শিক্ষা, কর্মসংস্থান, ন্যায়বিচার ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সচেতন, দেশপ্রেমিক ও দায়িত্বশীল প্রজন্ম তৈরি করতে পারলে নতুন বাংলাদেশ গড়ে উঠবে গণতন্ত্র, ন্যায় ও উন্নয়নের ভিত্তির ওপর।
রামপাশা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি মো রাজন খানের সভাপতিত্বে সভায় বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন কলেজ শিক্ষার্থী ফাহিমা আক্তার, এহসানুল হক মিরাজ, সাদিকুর রহমান, নাহিদ আহমদ, সাইদুল ইসলাম, ফাহাদ আহমদ, নাঈম আহমদ প্রমুখ।–সংবাদ বিজ্ঞপ্তি