তথ্যপ্রযুক্তির চরম উৎকর্ষের যুগে শিক্ষার গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে : সিসিক প্রশাসক

প্রকাশিত June 24, 2026
তথ্যপ্রযুক্তির চরম উৎকর্ষের যুগে শিক্ষার গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে : সিসিক প্রশাসক

সিলেট সিটি কর্পোরেশন-সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, তথ্যপ্রযুক্তির চরম উৎকর্ষের এ যুগে শিক্ষার গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমান বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা-এআই নির্ভর যুগে প্রবেশ করেছে। এ যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে ও প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের প্রতিষ্ঠিত করতে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই।
বুধবার (২৪ জুন/১০ আষাঢ়) সকালে সরকারি মদন মোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষ সম্মান শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, দেশে শিক্ষার হার বৃদ্ধি পেলেও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে আরও গুরুত্ব দিতে হবে। প্রকৃত শিক্ষা একজন মানুষকে বিশ্বনাগরিকে পরিণত করতে পারে। শিক্ষা মানুষকে দায়িত্বশীল, মানবিক ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলে।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাময় দেশ। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের প্রস্তুত করতে হবে। কারণ আজকের শিক্ষার্থীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্যের সভাপতিত্বে ও চতুর্থ বর্ষের শিক্ষার্থী রিয়াদ মাহফুজ মাছুমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক আলী হাসান পারভেজ ও সাবেক শিক্ষক পরিষদ সম্পাদক লেফটেন্যান্ট মো মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো ফরিদ আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক জয়া রানী আইন, মদন মোহন কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আফজাল হোসেন, সাধারণ সম্পাদক শাহান আল-মাহমুদ খান, ছাত্রশিবিরের কলেজ শাখার সভাপতি মো মিজানুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান ক্লাবের সভাপতি মো আল-সাহেদ, চতুর্থ বর্ষের শিক্ষার্থী কাওছর মাহমুদ জয়, প্রথম বর্ষের শিক্ষার্থী জোবায়ের শাহরিয়ার এবং নবীন শিক্ষার্থীদের পক্ষে কামরুল হাসান গালিব।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি আব্দুল কাইয়ুম চৌধুরীকে ফুল দিয়ে বরণ করেন রাষ্ট্রবিজ্ঞান ক্লাবের সাধারণ সম্পাদক মো রায়কুল ইসলাম ও প্রথম বর্ষের শিক্ষার্থী নাজিম আহমদ ফাহিম। সংবাদ বিজ্ঞপ্তি