ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে শিশু অপহরণ মামলায় গ্রেফতার ১

প্রকাশিত March 23, 2026
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে শিশু অপহরণ মামলায় গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক : র‌্যাবের অভিযানে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে শিশু অপহরণ মামলায় অভিযুক্ত একজন হবিগঞ্জ থেকে গ্রেফতার হয়েছে।
র‌্যাব-৯ জানায়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কাজীবাড়ি এলাকার মাজহারুল ইসলামের শ্বশুর হাফেজ মাওলানা নাসির উদ্দিনকে গত ২০ মার্চ চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলার কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়।
পরদিন দুপুর সাড়ে ১২টার দিকে মাজহারুল ইসলামের স্ত্রী নুসরাত জাহান তার দুই সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যকে নিয়ে রোগীকে দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের যান।
বিকেল ৩টার দিকে নুসরাত জাহান তার দুই বেছরের শিশুপুত্র কাজী ফুজাইলকে আশেপাশে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন; কিন্তু সন্তানের সন্ধান পেতে ব্যর্থ হন।
পরিবর্তী সময়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি মাজহারুল ইসলামের বড় শালিকা ইসরাত জাহান ও শ্যলক সাদ বিন ইকরামকে মোবাইলে ফোন করে জানায় যে, শিশুটি তার কাছে আছে । তাকে ফেরত পেতে হলে সাড়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। একই সঙ্গে তাৎক্ষণিক বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা পাঠাতে বলে; কিন্তু মাজহারুল ইসলাম তাতে রাজি না হয়ে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব এই ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ ও র‌্যাব-১০, সিপিসি-১, ঢাকার একটি যৌথ আভিযানিক দল সোমবার (মার্চ/৯ চৈত্র) আনুমানিক রাত দেড়টায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাক্ষণডোরা ইউনিয়নের কেশবপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মামলার তদন্তে প্রাপ্ত এক পলাতক আসামি শাহনেওয়াজ চৌধুরী বাপ্পারাজকে (৩০, পিতা মৃত আব্দুল মালেক, কেশবপুর, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ) গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।