নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ঢাকার ‘জ্বিনের বাদশা’ খ্যাত পলাতক আসামিকে দিরাই থেকে গ্রেফতার করেছে।
র্যাব-৯ জানায়, ঢাকার দক্ষিণ বাড্ডা এলাকার মো আজিজুল আলম একজন প্রবাসী ব্যবসায়ী। দেশে-বিদেশে তার ব্যবসা বিস্তৃত। এক পর্যায়ে একটি প্রতারক চক্র তাকে প্রাচীন ‘পিলার ম্যাগনেট’ ব্যবসায় বিলিয়ন বিলিয়ন ডলার আয়ের লোভ দেখায়।
এর ধারাবাহিকতায় কয়েকদিন পর হযরত তৈয়ব আহম্মেদ চিশতী নামক ‘জ্বিনের বাদশা’র ফোন কলের মাধ্যমে তাকে প্রভাবিত করার চেষ্টা চালানো হয়। ‘জ্বিনের বাদশা’ ভয়ও দেখায়, আকর্ষণীয় এ ব্যবসায় বিনিয়োগ না করলে তিনি ক্ষতিগ্রস্ত হবেন।
ফলশ্রুতিতে প্রতারকরা মো আজিজুল আলমের নিকট থেকে ২০০ ভরি স্বর্ণালংকার ও নগদ অর্থ মিলিয়ে প্রায় ২০ কোটি টাকা এবং তার উত্তর চামুরখান এলাকার ২৭.১৫ কাঠা জমি ব্যবসার নামে লিখিয়ে নেয়।
পরবর্তী সময়ে মো আজিজুল আলম প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ডিএমপির উত্তরা পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র্যাব ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (৪ জুন) আনুমানিক সন্ধ্যা সোয়া ৭টায় সুনামগঞ্জের দিরাই উপজেলার আনোয়ারপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় মামলার এজাহারনামীয় ৭ নম্বর পলাতক আসামি মো জামিল হোসেন ওরপে জামিলকে (৩১, পিতা মো জাহাঙ্গীর মিয়া, পুলারটেক, উত্তরখান, ঢাকা) গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।