ঢাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

প্রকাশিত April 11, 2026
ঢাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ঢাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ মামলার একমাত্র পলাতক আসামিকে গ্রেফতার হয়েছে।
র‌্যাব-৯ জানায়, ঢাকার মুগদা এলাকার মাণ্ডা ছাতা মসজিদ এলাকার এক যুবতির সাথে প্রায় দুই বছর পূর্বে পিজি হাসপাতালে মো রাসেল মিয়া নামের একজনের পরিচয়ের পরিণতিতে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে গত ২২ ডিসেম্বর সকাল ৭টার দিকে প্রেমিক প্রেমিকার বাসায় গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে। এ ঘটনায় যুবতি নিজেই বাদি হয়ে ডিএমপি ঢাকার মুগদা থানায় একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আসমিকে আইনের আওতায় আনতে র‌্যাব ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ও র‌্যাব-১০, সদর কোম্পানি, ঢাকার একটি যৌথ আভিযানিক দল শনিবার (১১ এপ্রিল/২৮ চৈত্র) আনুমানিক রাত সোয়া ১টায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় অভিযান পরিচালনা করে মামলার একমাত্র আসামি মো রাসেল মিয়াকে (৪০, পিতা জাহের মিয়া, কাশিনগর, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া) গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।