নিজস্ব প্রতিবেদক : আগামী ১২ অক্টোবর থেকে মাসব্যাপী টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইনকে সফল করতে সিলেট সিটি কর্পোরেশন-সিসিক মতবিনিময় ও অ্যাডভোকেসি সভা অব্যাহত রেখেছে।
এর ধারাবাহিকতায় বুধবার (৮ অক্টোবর/২৩ আশ্বিন) নগর ভবনে মহানগরীর ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা-সিইও মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, টাইফয়েডের কারণে অনেকের অঙ্গহানি হয়। এমনকি মৃত্যুও হতে পারে। তাই সরকার এই রোগ থেকে বাঁচাতে শিশুদের বিনামূল্যে টিকাদানের উদ্যোগ নিয়েছে।
ইউনিসেফ ও ওয়ার্ল্ড হেল্থ প্রোগ্রামের আওতায় মাসব্যাপী এই টিকাদান কর্মসূচিতে মহানগরীর ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি/সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীকে বিনামূল্যে ১ ডোজ টাইফয়েডের টিকা দেওয়া হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডা সৈয়দ আবু আহমেদের সভাপতিত্বে সভায় সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা মো জাহিদুল ইসলাম জানান, সিলেট সিটি কর্পোরেশনের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে স্বাস্থ্যকর্মীরা শিক্ষার্থীদের টিকাদান করবেন। সিসিকের স্থায়ী-অস্থায়ী ইপিআই টিকা কেন্দ্রেও টিকা দেওয়া হবে। ১২ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত পুরো এক মাস এসব কেন্দ্রে টিকাদান চলবে। ছিন্নমূল ও পথশিশু যাদের জন্মনিবন্ধন নেই তাদেরও টিকা প্রদান করা হবে। নিবন্ধিতরা যখন প্রয়োজন তখনই অনলাইন থেকে ভ্যাকসিন সনদ ডাউনলোড করতে পারবেন।
মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন, উপপরিচালক (ইপিআই) ডা মো শাহরিয়ার, সিলেট সিটি কর্পোরেশনের সচিব মো আশিক নূর, ইউনিসেফ বাংলাদেশের ন্যাশনাল ইপিআই স্পেশালিস্ট ডা নভোজ্যোতি দাশ প্রমুখ।