জুড়ী প্রতিনিধি : এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার, ২০ জুন মৌলভীবাজারের জুড়ী উপজেলা মৎস্য অফিসের ব্যবস্থাপনায় ২০২২-২৩ অর্থবছরে বিল নার্সারি কার্যক্রমের আওতায় এই হাওরে রুই, কাতলা ও মৃগেল মাছের দেড় লাখ পোনা অবমুক্ত করা হয়।
হাকালুকি হাওরের জুড়ী অংশে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে ও উপজেলা মৎস্য কর্মকর্তা মো মনিরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি সাইফুল ইসলাম সুমন ও মাই টিভি প্রতিনিধি মনিরুল ইসলাম।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো মনিরুজ্জামান জানান,
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার যে ঘোষণা দিয়েছেন তা বাস্তবায়নে আমরা কাজ করছি।’
উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে বলেন, পোনা অবমুক্তকরণের মাধ্যমে হাকালুকি হাওরে মৎস্য উৎপাদন আশানুরূপ বৃদ্ধি পাবে।