জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী উপজেলায় একটি টিউবওয়েলে রাতের আঁধারে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে।
উপজেলার জায়ফরনগর ইউনিয়নের মধ্য নয়াগ্রাম এলাকার তমছির আলীর পরিবার বাড়ির আঙিনার টিউবওয়েলটি ব্যবহার করেন। শুক্রবার, ১২ মে ভোরে তার স্ত্রী ফজরের নামাজের জন্যে অজু করতে টিউবওয়েলে চাপ দিয়ে দেখতে পান, সাদা রঙের দুর্গন্ধযুক্ত পানি বের হচ্ছে। সঙ্গে সঙ্গে তিনি পরিবারের অন্য সদস্যদের জানালে সবাই পানি ব্যবহার থেকে বিরত থাকেন।
পরে স্থানীয় ইউপি মেম্বার মনিরুল ইসলাম সহ প্রতিবেশীরা এসেও পানিতে বিষ থাকার বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেন।
তমছির আলী জানান, প্রতিবেশী বা স্থানীয় কারও সঙ্গে তার শত্রুতা নেই। তবে তার এক মেয়ের জামাই উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের রকিব আলীর ছেলে মো জামাল মিয়া পূর্ব বিরোধের জের ধরে ঘটনাটি ঘটাতে পারেন।
খবর পেয়ে বিকেলে তমছির আলীর বাড়ি পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে একটি নতুন টিউবওয়েল দেওয়ার প্রতিশ্রুতি দেন।
জুড়ী থানার এস আই পরিতোষ পাল জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্যদিকে তমছির আলীর জামাতা মো জামাল মিয়া তার শ্বশুর বাড়ির টিউবওয়েলে বিষ দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।