জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বিভাগীয় কমিশনার মো মশিউর রহমান, সিলেট রেঞ্জ ডিআইজি ড মো জিল্লুর রহমান, পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম ও পুলিশ সুপার ড চৌধুরী মো যাবের সাদেক। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানের শুরুতে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি ক, খ ও গ গ্রুপে আয়োজিত কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী প্রতিযোগীদের মাঝে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নতুন প্রজন্মের মধ্যে ইতিহাস ও জাতীয় ঐতিহ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
তারা বলেন, এ ধরনের সাংস্কৃতিক ও সৃজনশীল প্রতিযোগিতা শিশু-কিশোরদের সুস্থ সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধ করার পাশাপাশি দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও সৃজনশীল মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক. সংস্কৃতিকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি