নিজস্ব প্রতিবেদক : এ বছরের জুন মাসে সিলেট মহানগর পুলিশ-এসএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা-ডিবি ২ হাজার ৩২২ জনকে গ্রেফতার সহ বিপুল পরিমাণ মাদক ও অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে।
এসএমপির মিডিয়া সেল জানায়, পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সার্বিক দিকনির্দেশনা ও প্রত্যক্ষ তদারকিতে এই সাফল্য অর্জিত হয়।
আরও জানানো হয়, মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতে মাসব্যাপী পৃথক পৃথক বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হয়।
এসব অভিযানে ৭৪৪ জন মাদকসেবী ও মাদক কারবারি, ১৭৬ জন জুয়ারি, ২০ জন ছিনতাইকারী, ৩৬ জন চোর-ডাকাত, ২৬ জন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি, ১৮৮ জন হকার, ১৮৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৭২৫ জন মেট্রো অধ্যাদেশ ও সন্দেহভাজন ব্যক্তি এবং অন্যান্য আইনে ২১৮ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে ৮৫২ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। অবশিষ্টদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।
অভিযানসমূহে ১০ হাজার ৬৭৪ পিস ইয়াবা, ৬ বোতল বিদেশী মদ, ৭৯২ লিটার চোলাই মদ ও ২৮ কেজি ২৯৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এছাড়া ১৭ হাজার ৬১০ কেজি ভারতীয় জিরা, ১৭ হাজার ৮৯ পিস ভারতীয় চকলেট, ২৬ হাজার ৬৭৫ পিস ভারতীয় প্রসাধনী (কসমেটিকস), ৩ হাজার ৫১৫ কেজি অবৈধ চা-পাতা, ৯ লাখ ৮৭ হাজার পিস শেখ নাসির উদ্দিন বিড়ি, ১৬২ পিস ভারতীয় কম্বল ও ১০০ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে।
একই সময়ে এসএমপির ট্রাফিক বিভাগ ৪ হাজার ৩৬০টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। এর মধ্যে ২ হাজার ৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের ও ২ হাজার ৩৫৩টি বিভিন্ন ধরনের যানবাহন আটক করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।