জুড়ীতে মাহবুব হাসান সাচ্চু গোল্ড এন্ড সিলভার কাপ ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত

প্রকাশিত March 10, 2024
জুড়ীতে মাহবুব হাসান সাচ্চু গোল্ড এন্ড সিলভার কাপ ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত

জুড়ী থেকে সংবাদদাতা : মৌলভীবাজারের জুড়ীতে মাহবুব হাসান সাচ্চু গোল্ড এন্ড সিলভার কাপ নক আউট ফুটবল টুর্নামেন্ট-২০২৪ সম্পন্ন হয়েছে।
শুক্রবার, ৮ মার্চ (২৪ ফাল্গুন) বিকেলে রত্না চা-বাগান মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জুড়ী-বড়লেখা আসনের সংসদ সদস্য মো শাহাব উদ্দিন আহমদ।
পর্তুগাল প্রবাসী মাহবুব হাসান সাচ্চুর পৃষ্ঠপোষকতায় ৩২টি দল নিয়ে ২৮ ফেব্রুয়ারি এই মেগা ফুটবল টুর্নামেন্ট শুরু হয়।
ফাইনাল খেলায় পাত্রকলা ফুটবল একাডেমি কমলগঞ্জ ৩-০ গোলে প্রভাতী ক্রীড়া চক্র রত্না জুড়ীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
চ্যাম্পিয়ন দলকে গোল্ডকাপের সঙ্গে নগদ এক লাখ টাকা পুরস্কার দেয়া হয়। রানারআপ দলকে পুরস্কার দেওয়া হয় সিলভার কাপের সঙ্গে নগদ ৫০ হাজার টাকা।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি, রত্না চা-বাগানের ব্যবস্থাপক মো বশির উদ্দিন আহমদ। সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ ডা নজরুল ইসলাম নয়ন। স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক পর্তুগাল প্রবাসী মাহবুব হাসান সাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা ও জুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুক মিয়া। অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন ও আবুল হোসেন রাজু।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী মো শাহাব উদ্দিন আহমদ এমপি বলেন, খেলাধুলা করলে মন-শরীর দুটোই ভালো থাকে। নেশার জগত থেকে বের হতে খেলাধুলার কোন বিকল্প নেই।