জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে মসজিদের জমিজমা ও টাকা-পয়সা সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে আব্দুল জলিল (৬০) নামের একজন নিহত হয়েছেন।
শুক্রবার, ১৪ এপ্রিল সন্ধ্যায় উপজেলার জায়ফরনগর ইউনিয়নের চাটেরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল জলিল গ্রামের মৃত ছখাত মিয়ার ছেলে। এ ঘটনায় ৬ জন আহত হয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন থেকে মসজিদের জায়গা সহ বিভিন্ন বিষয়ে একই গ্রামের আব্দুল জলিল পক্ষ ও মৃত মজর আলীর ছেলে ইয়াছিন মিয়া পক্ষের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন জুম্মার নামাজের পর মসজিদের ২০ হাজার টাকার হিসাব নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় উপস্থিত মুসল্লিরা বিষয়টি তাৎক্ষণিক সমাধান করে দেন।
কিন্তু এর রেশ ধরে ইফতারের পর আব্দুল জলিলকে বাড়ির সামনের রাস্তায় একা পেয়ে প্রতিপক্ষ তার উপর অতর্কিত হামলা চালায়।
এ সময় আব্দুল জলিলের চিৎকারে তার ছেলে রনি মিয়া, শাহিদ মিয়া ও ভাগনে সাঈদ আহমদ ঘটনাস্থলে ছুটে এলে সংঘর্ষ বাঁধে। এতে আব্দুল জলিল ঘটনাস্থলেই মারা যান এবং তার ছেলে-ভাগনে সহ উভয়পক্ষে ৬ জন আহত হন। গুরুতর আহত রনি মিয়া ও ইয়াছিন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররাফ হোসেন জানান, এ ঘটনায় নিহত আব্দুল জলিলের ছেলে বাদি হয়ে একটি খুনের মামলা দায়ের করেছেন।