জুড়ীতে বেলাগাঁও গ্রামের রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত November 3, 2025
জুড়ীতে বেলাগাঁও গ্রামের রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

জুড়ী থেকে সংবাদদাতা : মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামের রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ নভেম্বর) দুপুরে বেলাগাঁও গ্রামবাসীর উদ্যোগে উপজেলা কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বেলাগাঁও গ্রামে প্রায় ২০ হাজার মানুষের বসবাস। ভোটারি ৬ হাজার। এছাড়া এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওরে যাতায়াতের অন্যতম প্রধান রাস্তা এই গ্রামের মধ্য দিয়ে গেছে। দেশের অর্থনীতিতে এই গ্রামের কৃষি, মৎস্য ও পযর্টন গুরুত্বপূর্ণ অবদান রাখলেও স্বাধীনতার ৫৪ বছরে এ গ্রামে কাঙ্খিত উন্নয়নের ছোঁয়া লাগেনি। অবিলম্বে গ্রামের রাস্তা সংস্কারসহ নতুন রাস্তা নির্মাণ না করা হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সেলিম আহমেদ, বেলাগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ আলী, কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম, জায়ফরনগর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক রেজান আলী, ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, ছাত্রনেতা নাঈম আহমেদ, আমির হোসেন, জায়ফরনগর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্মআহ্বায়ক জাহিদ হাসান জমির, জামায়াতে ইসলামী নেতা ফারুক আহমেদ, মুরব্বি নূরুল আলম, রুবেল আহমেদ, শাহিন আহমেদ, সুহেল আহমেদ, কৃষি উদ্যোক্তা সাইফুল ইসলাম প্রমুখ।