সাইফুল ইসলাম সুমন, জুড়ী : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ সোহেল-উস-সামাদ মৌলভীবাজারের জুড়ীতে পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে তিনি উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের রত্না চা বাগান পূজামণ্ডপ পরিদর্শন করেন।
সেক্টর কমান্ডার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী, জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর, জুড়ী থানার ওসি মো মুরশেদুল আলম ভূঁইয়া, বিজিবি-৫২ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাহফুজার রহমান, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম ও অন্যরা।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ সোহেল-উস-সামাদ বলেন, বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রাণের উৎসব শারদীয় দুর্গাপূজা। বছরব্যাপী বাঙালি সনাতন ধর্মাবলম্বীরা শারদীয় দুর্গোৎসবের জন্য অপেক্ষা করে থাকেন। বাংলাদেশের সংবিধানে সব ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। এই দেশ সবার-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপদ আবাসভূমি। দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবির পাশাপাশি পুলিশ, আনসার ও র্যাবসহ অন্যান্য বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। সার্বিক নিরাপত্তায় কোনো ধরনের ঘাটতি থাকবে না।
তিনি পূজা উদযাপন কমিটির হাতে শারদীয় শুভেচ্ছা উপহার তুলে দেন।