জুড়ী থেকে সংবাদদাতা : ‘সমন্বিত উদ্যোগ-প্রতিরোধ করি দুর্যোগ’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে মৌলভীবাজারের জুড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমিয়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে উপজেলা পরিষদের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়।
পরে জনগণের সচেতনতা বৃদ্ধি ও বিপদ মোকাবিলায় সার্বিক প্রস্তুতি জোরদার করার জন্য সচেতনতামূলক বিভিন্ন প্রদর্শনী উপস্থাপন করেন জুড়ী উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা।
এছাড়া উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো মিজানুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাহমিনা চৌধুরী, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার সুধীন্দ্র চন্দ্র দেব, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তপন চন্দ্র সূত্রধর, জুড়ী ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার এস এম শামীম, রুম টু রিডের প্রোগ্রাম অফিসার চাঁদনী রায়, প্রোগ্রাম এসোসিয়েট লুবাইনা সুলতানা, উপজেলা তথ্যআপা প্রকল্পের তথ্যসেবা সহকারী মিনতী দেবী, বাংলাদেশ গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী সম্পা রানী দেব ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের কর্মকর্তা সুজাউদ্দৌলা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর বলেন,
১৯৮৯ সাল থেকে প্রতি বছর ১৩ অক্টোবর বিশ্বব্যাপী এ দিবসটি পালিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তুতি জোরদার করাই এর উদ্দেশ্য। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।