জুড়ীতে অবৈধ কারেন্ট জাল ও নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ || জরিমানা আদায়

প্রকাশিত May 1, 2023
জুড়ীতে অবৈধ কারেন্ট জাল ও নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ || জরিমানা আদায়

জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী উপজেলার কামিনীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ২৮৮ পাউন্ড অবৈধ কারেন্ট জাল ও ১০০ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে।
সোমবার, ১ মে দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ ও পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুসারে এই কারেন্ট জাল ও পলিথিন ব্যাগ জব্দ করা হয়।
কারেন্ট জালের আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া অবৈধ কারেন্ট জাল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।
অভিযানে জেলা মৎস্য অফিসার মুহম্মদ মিজানুর রহমান ও উপজেলা মৎস্য অফিসার মো মনিরুজ্জামান উপস্থিত ছিলেন। এছাড়া জুড়ী থানা পুলিশের একটি দল সহায়তা করেন।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে বলেন, হাকালুকি হাওরে মৎস্য সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।