নীতিমালা বাস্তবায়নে এগিয়ে আসতে হবে প্রকৃত মৎস্যজীবীদের

প্রকাশিত February 17, 2023
নীতিমালা বাস্তবায়নে এগিয়ে আসতে হবে প্রকৃত মৎস্যজীবীদের

জাতীয় মৎস্যজীবী সমিতি সিলেট জেলা শাখার এক জরুরি সভায় ‘জাল যার জলা তার’ নীতিমালা বাস্তবায়নে প্রকৃত মৎস্যজীবীদের এগিয়ে আসার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মহানগরীর নয়াসড়কে সিলেট কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় মৎস্যজীবী সমিতি জেলা শাখার আহবায়ক সুসেন্দ্র চন্দ্র নমঃ খোকনের সভাপতিত্বে ও সদস্য আব্দুল আহাদের সঞ্চালনায় সভায় জানানো হয়, জেলার ১৩টি উপজেলার মধ্যে ৯টি উপজেলায় কমিটি গঠিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহের মধ্যে বাকি ৪টি উপজেলা কমিটি এবং ১৫ মার্চের মধ্যে জেলা কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া ২১ ফেব্রুয়ারি পালনেরও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সভায় বিভিন্ন উপজেলা থেকে জাতীয় মৎস্যজীবী সমিতির সদস্যপদ গ্রহণকারীদেরকে অভিনন্দন জানানো হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা নজরুল ইসলাম ফারুকী। আরও বক্তব্য রাখেন মো মঈন উদ্দিন, ইসমাঈল আলী, রহিম উদ্দিন, সালেহ আহমদ, মস্তাক আহমদ, জমিরুল ইসলাম বাবলু, শেখ মো লুৎফুর রহমান, আব্দুল খালিক, ফারুক আহমদ, আমিনুল হক খসরু, ময়নুল ইসলাম, আব্দুল বসির, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, মো জাকারিয়া, নাহিদুল, সূর্য বিশ্বাস, আমিরুল হক, এলাইছ মিয়া প্রমুখ।
সভাপতির বক্তব্যে সুসেন্দ্র চন্দ্র নমঃ খোকন জানান, সিলেট জেলা থেকে সমন্বিত জলমহাল নীতিমালায় ৬টি জলমহালের প্রস্তাব রাখা হয়েছে।
তিনি এ লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। সংবাদ বিজ্ঞপ্তি