জালাল খানের ইন্তেকালে বিএনপির মহাসচিব ও জেলা নেতৃবৃন্দের শোক

প্রকাশিত September 21, 2025
জালাল খানের ইন্তেকালে বিএনপির মহাসচিব ও জেলা নেতৃবৃন্দের শোক

সিলেট জেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক, ফ্রান্স বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন খান আর নেই।
হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি রবিবার (২১ সেপ্টেম্বর/৬ আশ্বিন) দুপুরে সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জালাল উদ্দিন খান প্রবাস জীবন ছেড়ে দেশে ফিরে সক্রিয়ভাবে গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত হন। ২০২৪ সালের ৫ জানুয়ারি সিলেট মহানগরীর আম্বরখানায় জেলা ও মহানগর বিএনপির লিফলেট বিতরণ ও মিছিলে অংশ নিতে গিয়ে তিনি গ্রেফতার হন।
তার মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন।
শোকবার্তায় তিনি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত নিবেদিতপ্রাণ কর্মী জালাল উদ্দিন খান সিলেট জেলা বিএনপি ও ফ্রান্স বিএনপিকে সংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীও শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এছাড়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীসহ অনেকে শোক প্রকাশ করেছেন।
তার জানাজার নামাজ সোমবার (২২ সেপ্টেম্বর) বাদ জোহর মেজরটিলা সৈয়দপুর জামে মসজিদে এবং বাদ আসর নিজ গ্রাম কানাইঘাট উপজেলার ইসলামপুরে অনুষ্ঠিত হবে।-সংবাদ বিজ্ঞপ্তি