জামালগঞ্জে দাখিল মাদরাসার ৪ তলা শিক্ষা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত November 9, 2023
জামালগঞ্জে দাখিল মাদরাসার ৪ তলা শিক্ষা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার লক্ষীপুর তায়ীদুল ইসলাম রাহমানিয়া দাখিল মাদরাসার ৪ তলা শিক্ষা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ উপলক্ষে মঙ্গলবার, ৮ নভেম্বর দুপুরে জামালগঞ্জ সদর ইউনিয়নের লক্ষীপুর মাদরাসা মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মাসুদ রানা, সুনামগঞ্জের সহকারী নির্বাহী প্রকৌশলী মো পারভেজ আহমেদ, ওসি দিলীপ কুমার দাস, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম শামীম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিতেন্দ্র তালুকদার পিন্টু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, জামালগঞ্জ নোয়াগাঁও দাখিল মাদরাসার সভাপতি মিছবাহ উদ্দিন ও ফতেপুর মাদরাসার অধ্যক্ষ শামছুল হুদা। তায়ীদুল ইসলাম রাহমানিয়া দাখিল মাদরাসার সভাপতি জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফয়জুল আলম মোহনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক বজলুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার সুপার মো মোমতাজ উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ স্মার্ট যুগে প্রবেশ করেছে।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‘নৌকা’র প্রার্থীকে বিজয়ী করতে তিনি আহবান জানান।