নিজস্ব প্রতিবেদক : সিলেটের জকিগঞ্জে জামাত-শিবিরের গোপন কার্যক্রমে বাধা দেওয়ায় যুবলীগ নেতা আব্দুস সামাদ আজাদ ও তার ভাতিজা আব্দুল বাছিত হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
বুধবার, ২৭ সেপ্টেম্বর দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত কমর উদ্দিনের ছেলে আব্দুস সামাদ আজাদ আরও অভিযোগ করেছেন, তাদের উপর হামলা চালিয়েও শান্ত হয়নি জামাত-শিবির। একের পর এক হুমকিও দিচ্ছে। এ কারণে তিনি ও তার স্বজনরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
লিখিত বক্তব্যে আব্দুস সামাদ আজাদ বলেন, একই উপজেলার জালালপুর গ্রামের মৃত সামছ উদ্দিনের ছেলে রুহুল আমিন ও সফিক আলীর ছেলে খছরুল ইসলাম এবং কাপনা গ্রামের মৃত হারিছ আলীর ছেলে জামাল উদ্দিন ও ফখরুল ইসলাম জামাত-শিবিরের সক্রিয় সদস্য। অন্যদিকে তিনি আওয়ামী যুবলীগ খলাছড়া ইউনিয়ন শাখার আহ্বায়ক। জামাত-শিবিরের বিভিন্ন গোপন কার্যক্রমে তিনি নিজের সংগঠনের নেতাকর্মীদেরকে নিয়ে বাধা দিতে থাকায় উল্লেখিত জামাত-শিবির কর্মীরা তাকে বিভিন্ন সময় গালিগালাজ করে ও নানাভাবে হুমকি দেয়। এমনকি তার উপর হামলাও চালায়।
আব্দুস সামাদ আজাদ উল্লেখ করেন, গত ২১ সেপ্টেম্বর জকিগঞ্জ ডাকবাংলা প্রাঙ্গণে জেলা যুবলীগ নেতাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি নেতাকর্মীদের নিয়ে মিছিল সহকারে যোগদান করেন। এর পর থেকে জামাত-শিবিরে এই সদস্যরা তার উপর আরও ক্ষেপে যায়। ২৫ সেপ্টেম্বর রাত ৮টার দিকে স্থানীয় ঈদগা বাজার উচ্চবিদ্যালয় এলাকায় জকিগঞ্জ-সিলেট সড়কে উপর রুহুল আমিন, খছরুল ইসলাম, জামাল উদ্দিন ও ফখরুল ইসলাম দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তার সঙ্গে থাকা ১০ হাজার ৫৫০ টাকাও লুটে নেয়। চিৎকার শুনে তার ভাতিজা আব্দুল বাছিত এগিয়ে এলে হামলাকারীরা তাকেও মারধর করে। এতে তিনিও আহত হয়। দু’জনের চিৎকারে শুনে ঈদগাহ বাজারের লোকজনসহ এলাকার লোকজন এগিয়ে এলে হামলাকারীরা চলে যায়। তবে এ ঘটনায় আইনের আশ্রয় নিলে তাদেরকে হত্যা করা হবে হুমকি দেয়। এই হামলার ঘটনায় ইতোমধ্যে জকিগঞ্জ থানা ও সিলেট পুলিশ সুপার বরাবর অভিযোগ দাখিল করা হয়েছে।
সংবাদ সম্মেলন থেকে তিনি প্রশাসনের কাছে তাদের নিরাপত্তার দাবি জানান। হামলাকারীদের গ্রেফতারসহ তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ এবং হামলার ঘটনায় সুষ্ঠু বিচারও দাবি করেন।