জাতীয় নাগরিক পার্টির সিলেট মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রকাশিত December 18, 2025
জাতীয় নাগরিক পার্টির সিলেট মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সিলেট মহানগরের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর/৩ পৌষ) মহানগরীর একটি অভিজাত হোটেলে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়ে বলা হয়, দলের কেন্দ্রীয় কমিটির অনুমোদনে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা যুগ্মআহ্বায়ক ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সিলেট-১ (সদর-মহানগর) আসনের সংসদ সদস্য প্রার্থী এহতেশাম হকও উপস্থিত ছিলেন।
নবগঠিত এ কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো আব্দুর রহমান আফজাল প্রেস ব্রিফিংয়ে জানান, জাতীয় নাগরিক পার্টি ক্ষমতার রাজনীতিতে নয়-সেবার রাজনীতিতে বিশ্বাসী। স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিকতার ভিত্তিতে একটি সুশৃঙ্খল, গণতান্ত্রিক ও জনবান্ধব রাজনৈতিক সংগঠন হিসেবে সিলেট মহানগরে এনসিপিকে গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।
তাকে আহ্বায়কের দায়িত্ব প্রদানের জন্য তিনি কেন্দ্রীয় নেতৃত্ব-বিশেষ করে এহতেশাম হক ও কেন্দ্রীয় অন্যতম মুখ্য সংগঠক সারজিস আলমের প্রতি ধন্যবাদ জানান।
সিলেট মহানগরীর বিদ্যমান নাগরিক সমস্যা তুলে ধরে আহ্বায়ক বলেন, জলাবদ্ধতা, যানজট, মাদকাসক্তি, যুব বেকারত্ব, ভূমি দখল ও নাগরিক সেবার অব্যবস্থাপনা নগরবাসীর নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে। এসব সমস্যা সমাধানে গণমানুষকে সম্পৃক্ত করে শান্তিপূর্ণ ও সুসংগঠিত কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
প্রশাসনের সঙ্গে গঠনমূলক সহযোগিতার মাধ্যমে জনগণের ন্যায্য দাবি তুলে ধরা হবে বলেও তিনি জানান।
প্রেস ব্রিফিংয়ে সিলেট মহানগর এনসিপির ভবিষ্যৎ কর্মপরিকল্পনাও তুলে ধরা হয়। এতে রয়েছে,
ওয়ার্ডভিত্তিক কমিটি গঠন ও পুনর্গঠনের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করা, যুব, নারী ও পেশাজীবী ফোরাম সক্রিয় করা এবং দলীয় কার্যালয়ে নিয়মিত সমন্বয় সভার আয়োজন।
তিনি জানান, নাগরিক সমস্যা সমাধানে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, বর্ষাকালীন জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ পরিকল্পনা প্রণয়ন ও সংস্কার, যানজট নিরসনে ট্রাফিক পুলিশ ও সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয়ে ওয়ার্ডভিত্তিক ট্রাফিক প্ল্যান বাস্তবায়ন এবং বর্জ্য ব্যবস্থাপনায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার ইত্যাদি।
এছাড়া স্বাস্থ্য ও জনসচেতনতায় মোবাইল মেডিক্যাল ক্যাম্প, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম, শিক্ষা ও তরুণ উন্নয়নে দক্ষতা প্রশিক্ষণ, মাদকবিরোধী ক্যাম্পেইন, মানবিক সহায়তায় শীতবস্ত্র ও খাদ্য বিতরণ এবং জরুরি রক্তদাতা নেটওয়ার্ক গঠনের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।
দুর্নীতি ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারি জমি ও জলাশয় দখলের তথ্য সংগ্রহ করে তা গণমাধ্যম ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে। পাশাপাশি ডিজিটাল নাগরিক সেবার অংশ হিসেবে অনলাইন অভিযোগ গ্রহণ প্ল্যাটফর্ম চালু ও নাগরিক সেবার সহজ গাইডলাইন প্রণয়নের পরিকল্পনাও রয়েছে।
বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনগণের বাস্তব চিত্র তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশা করেন।
একটি নতুন, পরিচ্ছন্ন ও জনকল্যাণমুখী রাজনৈতিক ধারার জন্য জাতীয় নাগরিক পার্টির পাশে থাকতে তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানান।