আন্তর্জাতিক মানের লাগসই গবেষণার স্বীকৃতি হিসেবে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ডাটাবেজে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-সিকৃবি স্থান করে নিয়ে আন্তর্জাতিক মানের স্বীকৃতি লাভ করেছে।
সিকৃবির শিক্ষক ও গবেষকদের দ্বারা বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার অর্থায়নে পরিচালিত সময়োপযোগী গবেষণাসমূহের ফলাফল ‘জার্নাল অব সিলেট অ্যাগ্রিকালচার ইউনিভার্সিটি’ সহ বিভিন্ন হাই ইমপ্যাক্ট ফ্যাক্টর জার্নালে নিয়মিত প্রকাশিত হচ্ছে।
এরই স্বীকৃতি হিসেবে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ইন্টারন্যাশনাল সিস্টেম ফর অ্যাগ্রিকালচার সায়েন্স অ্যান্ড টেকনোলজি-এজিআরআইএস ডাটাবেজে দেশে কৃষি শিক্ষার অন্যতম এই বিদ্যাপীঠ জায়গা করে নিলো।
খাদ্য ও কৃষি সংস্থার এ বৈশ্বিক ডাটাবেজ আনুষ্ঠানিকভাবে সিকৃবির সাময়িকী ‘জার্নাল অব সিলেট অ্যাগ্রিকালচারাল ইউনিভার্সিটি’কে তার বৈশ্বিক কৃষি বিজ্ঞান বিষয়ক প্ল্যাটফর্মে একীভূত করেছে।
ফলে সিকৃবির গবেষণার জন্য বৃহত্তর আন্তর্জাতিক দৃশ্যমানতা, বিশ্বব্যাপী কৃষি বিজ্ঞানে বাংলাদেশের অবদানের স্বীকৃতি ও সমস্ত প্রকাশিত কাজের জন্য যথাযথ প্রাতিষ্ঠানিক আস্থার পথ নিশ্চিত হয়ে গেলো।
এ ডাটাবেজে সিকৃবির জন্য ইউনিক আইডি বিডিও প্রদান করা হয়েছে।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ‘এজিআরআইএস’ ডাটাবেজে স্থান পাওয়া সম্পর্কে সিকৃবির উপাচার্য প্রফেসর ড মো আলিমুল ইসলাম বলেন, ‘জার্নাল অব সিলেট অ্যাগ্রিকালচারাল ইউনিভার্সিটি’র জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ডাটাবেজে স্থান পাওয়া একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি। এ স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক রাঙ্কিংয়ের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। সিকৃবির সাময়িকীটি ইতোমধ্যে ডিওআই ইনডেক্সিং এবং বাংলাজল প্লাটফর্মেও অন্তর্ভুক্ত হয়েছে।
তিনি সিকৃবির সকল শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। উল্লেখ্য, সাময়িকীটি সিকৃবি রিসার্চ সিস্টেম-সাউরেসের তত্ত্বাবধানে ২০১৪ সাল থেকে নিয়মিতভাবে প্রকাশিত হচ্ছে।–সংবাদ বিজ্ঞপ্তি