সিলেটের উন্নয়নমূলক সংগঠন সিলেট বিভাগ গণদাবী ফোরাম নেতৃবৃন্দ সিলেটের জনস্বার্থ সংক্রান্ত বিভিন্ন সমস্যা জরুরি ভিত্তিতে সমাধান করার আহবান জানিয়েছেন।
সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, সিলেট জেলা সভাপতি দেওয়ান মাসুদ রাজা চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হেসেন জিলন ও মহানগর সভাপতি অ্যাডভোকেট শামীম হাসান চৌধুরী এক যুক্ত বিবৃতিতে এ আহবান জানিয়ে বলেছেন, সিলেট সিটি কর্পোরেশনের বর্ধিত এলাকার জনসাধারণ প্রয়োজনীয় জন্মনিবন্ধন সনদ, মৃত্যুসনদ ও নাগরিক প্রত্যয়নপত্র না পাওয়ায় অবর্ণনীয় দুর্ভোগের শিকার এবং নানাভাবে হয়রানি ও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এ ব্যাপারে তারা গভীর উদ্বেগ প্রকাশ করে সকল আইনি ও আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করে নাগরিকরা যাতে সহজে জন্ম-মৃত্যুর সনদসহ প্রয়োজনীয় সনদ ও প্রত্যয়নপত্র পায় তার যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সংবাদ বিজ্ঞপ্তি