বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী ১২ ফেব্রুয়ারি ভোট দিতে ভোটারদেরকে ভোরবেলায় ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, জনগণের সরকার প্রতিষ্ঠা করা দরকার। জনগণের সরকারই কেবল মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে। মনে রাখতে হবে—এবারের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি/৮ মাঘ) সন্ধ্যায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে নির্বাচনী সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
বিএনপি চেয়ারম্যান বলেন, এই দেশ জনগণের। কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। দেশের মালিক জনগণ। ভোটের সাধ্যমে জনগণকে সিদ্ধান্ত দিতে হবে-দেশ কিভাবে চলবে।
একটি দলের লোকজন বাড়ি বাড়ি গিয়ে এনআইডি নম্বর ও নারীদের মোবাইল নম্বর নিচ্ছে অভিযোগ করে তারেক রহমান বলেন, ‘তারা নাকি সৎ মানুষের শাসন কায়েম করবে। অথচ বিকাশ নম্বর নিচ্ছে, ফোন নম্বর নিচ্ছে, টাকা পাঠাচ্ছে, অনেকে ধরাও পড়েছে। নির্বাচনের আগে যারা মানুষকে অর্থ প্রদান করে, আগেই যারা অসৎ কাজ করে, কোনোভাবেই তাদের পক্ষে সৎ কাজ করা সম্ভব নয়।
সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘ষড়যন্ত্র শুরু হয়েছে। বর্তমান সরকার প্রবাসীদের ভোটের ব্যবস্থা করেছে; কিন্তু একটি রাজনৈতিক দল সবগুলো পোস্টাল ব্যালট দখলের চেষ্টা করছে। তাই সজাগ থাকতে হবে। আগে যেভাবে ভোট ডাকাতি হয়েছে, এখন তারা ভোটকেন্দ্র দখলের চেষ্টা করছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করছে। শুধু সজাগ নয়-সতর্কও থাকতে হবে।’
তিনি আরো বলেন, ‘একই সাথে একটি রাজনৈতিক দল বলছে, অমুককে দেখেছেন, তমুককে দেখেছেন, এবার আমাদের দেখেন। একাত্তর সালে লাখো মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছিল। সেদিন এই রাজনৈতিক দল তাদের পক্ষ নিয়েছিল, যারা এই দেশকে স্বাধীন হতে দিতে চায়নি। এ কারণে এ দেশের বহু মানুষ প্রাণ দিয়েছেন, বহু নারী ইজ্জত হারিয়েছেন। নতুন করে তাদের দেখার কিছু নেই।
সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আখতার। এসময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
তারেক রহমান এর আগে সিলেটে প্রথম নির্বাচনী জনসভায় ও মৌলভীবাজারের শেরপুরে নির্বাচনী সমাবেশে বক্তৃতা করেন। সূত্র : বাসস