নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব অপহৃত এক মাদরাসা ছাত্রীকে সুনামগঞ্জ থেকে উদ্ধার ও অপহরণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে।
র্যাব-৯ জানায়, জগন্নাথপুর উপজেলার রসুলগঞ্জ দাখিল মাদরাসার এক ছাত্রীকে প্রথমে কুপ্রস্তাব এবং পরে বিয়ের প্রস্তাব পাঠিয়ে ব্যর্থ হয়ে গত ১৪ মে দুপুর ১টার দিকে অপহরণ করা হয়।
এ ঘটনায় ছাত্রীর মা বাদি হয়ে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে র্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল গত বুধবার (১০ জুন) আনুমানিক রাত ৯টায় সুনামগঞ্জ সদর উপজেলার ওয়েজখালি এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ছাত্রীকে উদ্ধার ও মামলার প্রধান আসামি রেদুয়ান আহমদকে (২৫, পিতা আবুল কালাম, বাদে ঝিগলী, ছাতক, সুনামগঞ্জ) গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ছাত্রীকে জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে।