জকিগঞ্জে স্কুল শিক্ষার্থীদের মোটরসাইকেল চালানোয় নিষেধাজ্ঞার আহবান

প্রকাশিত April 24, 2024
জকিগঞ্জে স্কুল শিক্ষার্থীদের মোটরসাইকেল চালানোয় নিষেধাজ্ঞার আহবান

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলায় ঘনঘন মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থীসহ বেশ কয়েকজনের মৃত্যুর পরিপ্রেক্ষিতে স্কুল শিক্ষার্থীদের মোটরসাইকেল চালনার ক্ষেত্রে কঠোর বিধি নিষেধ আরোপের আহবান জানানো হয়েছে।
বুধবার, ২৪ এপ্রিল (১১ বৈশাখ) উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সদস্যরা এ আহবান জানান।
সদস্যরা স্কুল শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে মোটরসাইকেল চালানো বন্ধে সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষকে ও লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালনা বন্ধে পুলিশকে কঠোর হওয়ার আহবান জানান।
এছাড়াও সভায় সীমান্তে চোরাচালান রোধে পুলিশ ও বিজিবির পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরকে তৎপর হওয়ার আহবান জানানো হয়।
সভায় জলবদ্ধতা রোধে বিভিন্ন খাল-নালায় প্রতিবন্ধকতা অপসারণে অভিযান পরিচালনারও সিন্ধান্ত নেওয়া হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) অর্নব দত্ত, নারী ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, ভাইস চেয়ারম্যান (পুরুষ) আব্দুস ছবুর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস ছাত্তার, মহসিন মর্তুজা, আপ্তাব আহমদ, আওয়ামী লীগ নেতা এম এ জি বাবর, আব্দুল আহাদ, সওদাগর সেলিম ও জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্রীকান্ত পালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।