জকিগঞ্জে স্কুলছাত্রীকে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রকাশিত November 3, 2025
জকিগঞ্জে স্কুলছাত্রীকে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সিলেটের জকিগঞ্জে পরিত্যক্ত ইটভাটায় স্কুলছাত্রীকে গণধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে।
উপজেলার বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এই ছাত্রী গত ২৬ জুলাই পরিত্যক্ত আদিম ব্রিক ফিল্ডে বন্ধুর সাথে ঘুরতে গেলে একদল দুর্বৃত্ত তার বন্ধুকে আটকে রেখে তাকে পালাক্রমে ধর্ষণ করে।
পরবর্তী সময়ে ছাত্রী নিজে বাদি হয়ে জকিগঞ্জ থানায় ৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করে।
এর পরিপ্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সদর কোম্পানি সিলেটের একটি আভিযানিক দল রবিবার (২ নভেম্বর) আনুমানিক রাত সাড়ে ১০টায় গোয়াইনঘাট উপজেলার বাইপাস বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় ১ নম্বর পলাতক আসামি ইমরান আহমদকে (৩০, পিতা খছরুজ্জামান, নিদনপুর, জকিগঞ্জ, সিলেট) গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, একই মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি শাকের আহমদকে গত ২০ আগস্ট র‌্যাব-৯ গ্রেফতার করে।