জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলার শরীফগঞ্জ বাজারে সড়ক ও জনপথ বিভাগের সরকারি জায়গায় অবৈধভাবে মসজিদের নামে দোকানকোঠা নির্মাণের অভিযোগ করা হয়েছে।
শরীফগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি শাহাব উদ্দিন সাবু বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি (২ ফাল্গুন) জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।
তিনি অভিযোগে করেছেন, শরীফগঞ্জ বাজার মসজিদের নামে পৃথক দুটি দলিলে ২৪ শতক ভূমি থাকলেও মসজিদের মূল ভুমি বাদ দিয়ে সড়ক ও জনপথ বিভাগের সরকারি ভূমি বেআইনিভাবে দখল করে মসজিদ কমিটির মোতাওয়াল্লি মো আব্দুস সালাম মসজিদের নাম ব্যবহার করে দোকানকোঠা ও স্থাপনা নির্মাণ চালিয়ে যাচ্ছেন।
তিনি উল্লেখ করেন, সড়ক ও জনপথ বিভাগের ভূমির সঙ্গে সীমানা জটিলতা থাকায় এলাকাবাসী প্রশাসনিকভাবে বিভিন্ন দপ্তরে দরখাস্তের মাধ্যমে অভিযোগ পেশসহ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট মামলা করেন।
ইতঃপূর্বে জকিগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্ধারণ করে দেওয়া সীমানা ও নির্বাহী কর্মকর্তার আদেশকে উপেক্ষা করে পেশীশক্তির বলে চালিয়ে যাওয়া স্থায়ী নির্মাণ কাজ বন্ধ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং সরকারি সার্ভেয়ার দ্বারা সীমানা নির্ধারণ করে সরকারি ভূমি উদ্ধারের জন্যে তিনি দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম জানান, সরকারি ভূমি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।